Nabadhara
ঢাকাসোমবার , ১ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ার আলোচিত মমতাজ বেগম হত্যা: এক বছরেও উদঘাটন হয়নি রহস্য, ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
জুন ১, ২০২৬ ৫:৩৪ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের কচুয়া উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের চাপাতলী গ্রামের আলোচিত মমতাজ বেগম হত্যা মামলার এক বছর পার হলেও এখনো রহস্য উদঘাটন করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এতে নিহতের পরিবার ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের ২৫ জুন রাতে ব্যবসায়ী বাচ্চু মিয়ার স্ত্রী মমতাজ বেগম (৬৫) নিজ বাড়িতে দুর্বৃত্তদের হামলার শিকার হন। অভিযোগ রয়েছে, ঘরের বাথরুমের পেছনের বারান্দা ভেঙে ঘরে প্রবেশ করে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যা করে। পরে বাড়ির পাশের ঝোপে তার মরদেহ ফেলে রেখে যায়।

নিহতের স্বজনদের দাবি, মমতাজ বেগমের ছেলে সোহেল হোসেনকে লক্ষ্য করেই দুর্বৃত্তরা বাড়িতে এসেছিল। তাকে না পেয়ে মমতাজ বেগমকে হত্যা করা হয়। এ সময় ঘর থেকে নগদ প্রায় সাড়ে চার লাখ টাকা, একটি ব্রিকফিল্ড ও জমিজমার গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায় তারা।

নিহতের ভাই এনায়েত উল্লাহ ভূঁইয়া বলেন, “আমার বোনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। মামলা করার পরও এক বছরেও কোনো অগ্রগতি দেখতে পাইনি। আমরা দ্রুত সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”

স্থানীয় বাসিন্দা আবু তাহের খোকন প্রধান বলেন, “এত বড় একটি হত্যাকাণ্ডের এক বছর পেরিয়ে গেলেও রহস্য উদঘাটন না হওয়া উদ্বেগজনক। একটি মোবাইল ফোনের সূত্র ধরে একজনকে গ্রেফতার করা হলেও তিনি বর্তমানে জামিনে রয়েছেন। প্রকৃত খুনিদের শনাক্ত করে আইনের আওতায় আনা জরুরি।”

প্রতিবেশী এমরান হোসেন অভিযোগ করেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। তিনি দ্রুত হত্যার রহস্য উদঘাটনের দাবি জানান।

নিহতের ছেলে সোহেল হোসেন বলেন, “এক বছর হতে চললো, কিন্তু এখনো জানতে পারলাম না কারা আমার মাকে হত্যা করেছে। থানায় বহুবার গিয়েছি, কিন্তু কোনো আশ্বাসও পাইনি। আমরা ন্যায়বিচার চাই।”

তিনি জানান, মামলাটি প্রথমে প্রায় আট মাস কচুয়া থানা পুলিশ ও চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করলেও উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। পরে মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর কাছে হস্তান্তর করা হয়। গত চার মাস ধরে পিবিআই মামলাটির তদন্ত করছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও পিবিআই চাঁদপুরের ইনচার্জ মো. শাহজাহান কবির বলেন, “মমতাজ বেগম হত্যা মামলার তদন্ত চলমান রয়েছে। আশা করছি, শিগগিরই তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি ও ফলাফল পাওয়া যাবে।”

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম বলেন, বর্তমানে মামলাটির তদন্ত পিবিআই করছে এবং তারা বিষয়টি নিয়ে কাজ করছে।

এক বছরেও আলোচিত এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন না হওয়ায় দ্রুত তদন্ত শেষ করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও এলাকাবাসী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।