পিরোজপুর প্রতিনিধি
ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনা এবং গ্রাহকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ জুন) সকালে শহরের ইসলামী ব্যাংক পিরোজপুর শাখার সামনে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের অন্যতম বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংককে কেন্দ্র করে যে অস্থিরতা সৃষ্টি হয়েছে, তা দ্রুত নিরসন করা প্রয়োজন। তারা অভিযোগ করেন, ব্যাংকের অর্থ পাচারের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে পাচারকৃত অর্থ দ্রুত দেশে ফিরিয়ে আনতে হবে।
বক্তারা আরও বলেন, ইসলামী ব্যাংক দেশের লাখো গ্রাহকের আস্থা ও বিশ্বাসের প্রতীক। তাই প্রতিষ্ঠানটির স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করতে সরকার ও বাংলাদেশ ব্যাংককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে ব্যাংকের কার্যক্রমে অযাচিত হস্তক্ষেপ বন্ধ এবং দক্ষ, সৎ ও জবাবদিহিমূলক নেতৃত্ব নিশ্চিত করার দাবি জানান তারা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ৯ দফা দাবি তুলে ধরেন। পাশাপাশি ঢাকায় অবস্থানরত ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে বিচারের দাবি জানান।
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের পিরোজপুর জেলা আহ্বায়ক জাহিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক আলমগীর খলিফা, হাফিজা খাতুন, সদস্য সচিব এইচ এম মামুন এবং গ্রাহক প্রতিনিধি মো. জালাল শেখসহ অন্যান্যরা।
কর্মসূচি শেষে বক্তারা দেশের ব্যাংকিং খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গ্রাহকদের স্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন। তারা বলেন, দাবি বাস্তবায়নে প্রয়োজন হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

