নওগাঁ প্রতিনিধি
নওগাঁর পত্নীতলা উপজেলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে রমজান আলী মন্ডল (৫৫) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার খড়াইল এলাকায় ছাইদুলের বয়লারের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ঘাতক ট্রাক্টর ও এর চালককে আটক করেছে পুলিশ।
নিহত রমজান আলী মন্ডল উপজেলার ঝলকাহার (তেজাপাড়া) গ্রামের মৃত মোস্তফা মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রয়োজনীয় কাজ শেষে বুধবার সকালে মধইল বাজার থেকে চার্জার ভ্যানে করে নিজ বাড়ি ফিরছিলেন রমজান আলী। পথে খড়াইল মোড় সংলগ্ন ছাইদুলের বয়লারের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে চার্জার ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে রমজান আলী ভ্যান থেকে ছিটকে পড়ে যান। এ সময় ট্রাক্টরের চাকায় গুরুতরভাবে আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পত্নীতলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ট্রাক্টরসহ চালককে আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) নিয়ামুল হক বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক ট্রাক্টর ও এর চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

