পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়ায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন লঙ্ঘন করে নিষিদ্ধ চাক ও চায়না দুয়ারী জাল বিক্রির দায়ে তিন ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অভিযানকালে জব্দ করা প্রায় দুই লাখ টাকা মূল্যের অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বুধবার (৩ জুন) দুপুরে উপজেলার বালুর মাঠ এলাকায় উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ জাল বিক্রির অভিযোগে তিনজনকে আটক করা হয়। পরে মৎস্য আইন অনুযায়ী প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি উদ্ধার করা অবৈধ জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা।
দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের আবুল হোসেনের ছেলে মো. রানা (৩০), একই গ্রামের আবদুল খালেকের ছেলে মুছা মিয়া (৪০) এবং দক্ষিণ মিঠাখালী গ্রামের হোসেন মুন্সির ছেলে আইয়ুব মুন্সি (৩৫)।
অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মঠবাড়িয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মোজাম্মেল হক।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ বলেন, “ইলিশসহ দেশের অন্যান্য মৎস্যসম্পদ রক্ষায় সরকারের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। মৎস্য আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রাকৃতিক মৎস্য প্রজনন ও জনস্বার্থে অবৈধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
মৎস্য বিভাগ জানিয়েছে, নদী ও জলাশয়ে মাছের স্বাভাবিক প্রজনন নিশ্চিত করতে নিষিদ্ধ জালের ব্যবহার ও বিক্রির বিরুদ্ধে নিয়মিত নজরদারি এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

