ফেনী প্রতিনিধি
ফেনীর ছাগলনাইয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাম্প ট্রাকের ধাক্কায় ইকবাল হোসেন জিসান (২৩) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরও একজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ জুন) ভোর আনুমানিক ৬টার দিকে ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের চৌধুরী পাড়া রাস্তার মুখ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইকবাল হোসেন জিসান ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের সোমপুর গ্রামের ডাক্তার বাড়ির আবু তৈয়বের ছেলে। আহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে করে জিসান ও তার সহযাত্রী চট্টগ্রাম থেকে ফেনীর দিকে যাচ্ছিলেন। পথে দ্রুতগতির একটি রেজিস্ট্রেশনবিহীন ডাম্প ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল চালক ইকবাল হোসেন জিসানকে মৃত ঘোষণা করেন। আহত অপর ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার পর মোটরসাইকেল ও ডাম্প ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
ফাজিলপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

