ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সদর ও সরাইল উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন। শুক্রবার (৫ জুন) সকালে এসব দুর্ঘটনা ঘটে। ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
পিকআপ-সিএনজি সংঘর্ষে মা-ছেলেসহ ৩ জন নিহত
সকালে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশহর এলাকায় মাছবোঝাই একটি পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হন।
নিহতরা হলেন অটোরিকশাচালক মাহবুব (৪৫), যাত্রী জোসনা বেগম (৪০) এবং তার পাঁচ বছর বয়সী ছেলে আশরাফুল। এ ঘটনায় জোসনার স্বামী কাউসার (৫০) ও মেয়ে আদিবা (৪) গুরুতর আহত হয়েছেন। তাদের বাড়ি জেলার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে।
পুলিশ জানায়, কাউসার তার স্ত্রী ও সন্তানদের নিয়ে কসবা থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে সরাইল-বিশ্বরোডের দিকে যাচ্ছিলেন। পথে বিয়াল্লিশহর এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি মাছভর্তি পিকআপ ভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার যাত্রীরা গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মাহবুব, জোসনা বেগম ও আশরাফুলকে মৃত ঘোষণা করেন। আহত কাউসার ও আদিবাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের জানান, দুর্ঘটনার পর পিকআপ ভ্যানচালক ও তার সহযোগীরা পালিয়ে গেছে। তাদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
সরাইলে প্রাইভেটকার-সিএনজি সংঘর্ষে নিহত ১
এদিকে একই দিন সকাল ৬টার দিকে সরাইল উপজেলার বারিউড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অলি মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হন।
নিহত অলি মিয়া উপজেলার পানিশ্বর ইউনিয়নের বরইবাড়ি গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাধবপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রী অলি মিয়া গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশা জব্দ করে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো. আবু তাহের দেওয়ান বলেন, “মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
একই দিনে জেলার দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় চারজনের প্রাণহানির ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

