নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সদর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে বলে জানা গেছে। শুক্রবার (৫ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার বাঁধেরহাট বাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নোয়ান্নই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুল করিম বাবুর নেতৃত্বে সংগঠনটির বিপুল সংখ্যক নেতাকর্মী বাঁধেরহাট বাজার এলাকায় জড়ো হন। পরে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে অংশ নিয়ে তারা মব সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর থেকেই ছাত্রলীগের নেতাকর্মীরা বাজার এলাকায় সমবেত হতে শুরু করেন। বিকেলে তারা সংগঠিত হয়ে মিছিল বের করেন। মিছিল চলাকালে বাজার এলাকায় পুলিশের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুর রহমান বলেন, “মিছিলের খবর পেয়ে আগে থেকেই বাঁধেরহাট বাজার এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছিল। পুলিশের উপস্থিতির কারণে নির্ধারিত স্থানে তারা কর্মসূচি পালন করতে পারেনি। পরে বিকেলে বাজারের বাইরে মিছিল করেছে।”
তিনি আরও বলেন, “মিছিলে অংশগ্রহণকারীদের পরিচয় শনাক্তে কাজ চলছে। বিষয়টি খতিয়ে দেখে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

