কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানাধীন খাপড়াভাঙ্গা গ্রামে সালাউদ্দিন হাওলাদার নামে এক গরু ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। হামলার পর তাকে মৃত ভেবে পুকুরপাড়ে ফেলে রেখে সঙ্গে থাকা ৭২ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করেছে পরিবার।
শুক্রবার (৫ জুন) রাত প্রায় ৯টার দিকে আহত ব্যবসায়ীর নিজ বাড়ির পুকুরপাড়ে এ ঘটনা ঘটে।
পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় সালাউদ্দিন হাওলাদারকে উদ্ধার করে প্রথমে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে রাত সাড়ে ১১টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহতের স্ত্রী মোসা. তহমিনা জানান, তার স্বামী গরু বিক্রি করে টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। পূর্ব বিরোধের জের ধরে ইয়াসিন গাজী, তার পিতা আমির গাজী এবং ভাই ইব্রাহিম গাজী তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে এবং সঙ্গে থাকা ৭২ হাজার টাকা নিয়ে যায় বলে তিনি অভিযোগ করেন।
কলাপাড়া হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আব্দুল মালেক জানান, ধারালো অস্ত্রের আঘাতে সালাউদ্দিন হাওলাদারের বুকে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে, যা ফুসফুস পর্যন্ত পৌঁছেছে। এছাড়া দুই হাতের বাহুতে গুরুতর কোপের আঘাত রয়েছে, ফলে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম বলেন, “ঘটনার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

