কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের কাউনিয়া থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে আটক তিন মাদকসেবীকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৬ জুন) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ রায় দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল।
দণ্ডপ্রাপ্তরা হলেন—উপজেলার বালাপাড়া ইউনিয়নের খোপাতি গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে রেজাউল হক, একই গ্রামের মৃত মঞ্জুরুল ইসলামের ছেলে মোহাম্মদ আলী এবং কুর্শা ইউনিয়নের চাঁনঘাট গ্রামের আব্দুল কাদেরের ছেলে ওমর ফারুক।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিহাব উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে খোপাতি এলাকা থেকে মাদক সেবনের সরঞ্জামসহ তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে পৃথকভাবে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

