কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়ায় যাত্রীবাহী সাকুরা পরিবহন বাস ও একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত আটজন আহত হয়েছেন।
শনিবার (৬ জুন) রাত ৯টার দিকে উপজেলার আন্দারমানিক সেতুর প্রবেশমুখে এ দুর্ঘটনা ঘটে। নিহত হারুন গাজী (৪৫) উপজেলার নজিবপুর গ্রামের আব্দুল সুলতান গাজীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুয়াকাটা থেকে কলাপাড়াগামী একটি সিএনজিচালিত অটোরিকশা আন্দারমানিক সেতুর প্রবেশমুখে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ আটজন গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে বাকেরগঞ্জ এলাকায় হারুন গাজীর মৃত্যু হয়।
কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার ও চিকিৎসার ব্যবস্থা করে। উন্নত চিকিৎসার জন্য বরিশালে নেওয়ার পথে হারুন গাজী মারা যান। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

