নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) এর নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের অধ্যাপক এবং ফ্যাকাল্টি অব বায়োলজিক্যাল সায়েন্সেসের ডিন হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে নোবিপ্রবি আইন ২০০১-এর ১২(১) ধারা অনুযায়ী তাঁকে চার বছরের জন্য এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৯ জুন ২০২৬) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপন জারির পর বিকেলে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানীর নিকট নবনিযুক্ত উপ-উপাচার্য যোগদানপত্র হস্তান্তর করেন।
প্রজ্ঞাপনে বলা হয়, উপ-উপাচার্য পদে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর বলবৎ থাকবে। তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি এবং বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন।
প্রসঙ্গত, অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসী বিভাগে বি.ফার্ম (B.Pharm) ও এম.ফার্ম (M.Pharm) ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি পিএইচডি সম্পন্ন করেন এবং জাপানের শিমানে বিশ্ববিদ্যালয় থেকে JSPS পোস্ট ডক্টরাল ফেলোশিপ (২০১৪–২০১৬) শেষ করেন।
তাঁর প্রধান গবেষণার ক্ষেত্র ফার্মাকোলজি ও ফার্মাকোজেনেটিক্স। তিনি বাংলাদেশের অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডার, সিজোফ্রেনিয়া, ডায়াবেটিস, জরায়ুমুখের ক্যান্সার এবং স্তন ক্যান্সারের ফার্মাকোজেনোমিক্স বিষয়ে গবেষণা করে আসছেন।
অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলামের ২০০টির বেশি গবেষণা প্রকাশনা রয়েছে, যার মধ্যে ১৮৮টি আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত। তিনি গবেষণার জন্য ইউজিসি অ্যাওয়ার্ড পেয়েছেন এবং ৪০টিরও বেশি আন্তর্জাতিক কনফারেন্সে অংশগ্রহণ করেছেন। তাঁর গুগল স্কলার সাইটেশন সংখ্যা ৪৩৭০।

