কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির কাঠালিয়ায় মানবিক মিরাজ খান ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন) সকালে উপজেলার চেঁচরীরামপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দিনব্যাপী এ ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পে তিন শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়। এ সময় রোগীদের চোখের বিভিন্ন রোগ নির্ণয়, প্রয়োজনীয় ব্যবস্থাপত্র প্রদান, চশমার পরামর্শ এবং ছানি আক্রান্ত রোগীদের অপারেশনের জন্য বাছাই করা হয়।
স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন মানবিক মিরাজ খান ফাউন্ডেশনের আয়োজনে এবং বরিশালের গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের সহযোগিতায় ক্যাম্পটি পরিচালিত হয়। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. রাকিনের নেতৃত্বে ১০ সদস্যের একটি মেডিকেল টিম চিকিৎসাসেবা প্রদান করেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন মানবিক মিরাজ খান ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মাহফুজ গাজী। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

