Nabadhara
ঢাকাবুধবার , ১০ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পিবিপ্রবি’র নতুন উপাচার্য হিসেবে যোগ দিলেন রাবির অধ্যাপক ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম

পিরোজপুর প্রতিনিধি 
জুন ১০, ২০২৬ ৫:৪৫ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুর প্রতিনিধি 

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পিবিপ্রবি) তৃতীয় উপাচার্য (ভাইস-চ্যান্সেলর) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার।

মঙ্গলবার (৯ জুন) তিনি শিক্ষা মন্ত্রণালয়ে যোগদানপত্র দাখিল করেন। পরে সন্ধ্যায় পিরোজপুরে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে পৌঁছালে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। এ সময় অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি বিশ্ববিদ্যালয়কে শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে এগিয়ে নিতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।

এর আগে ৮ জুন মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে ‘পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২২’ অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে আগামী চার বছরের জন্য তাঁকে উপাচার্য পদে নিয়োগ প্রদান করে।

নবনিযুক্ত উপাচার্যের সংক্ষিপ্ত পরিচিতি

অধ্যাপক ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার ১৯৯৭ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে প্রভাষক হিসেবে শিক্ষকতা জীবন শুরু করেন। পরবর্তীতে ২০১২ সালে অধ্যাপক পদে উন্নীত হন এবং বর্তমানে গ্রেড-১ অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।

দীর্ঘ কর্মজীবনে তিনি বিভাগীয় চেয়ারম্যানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব সফলতার সঙ্গে পালন করেছেন। তিনি ভোলা জেলার লালমোহন উপজেলার সন্তান। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

বাংলা, ইংরেজি, আরবি, উর্দু ও ফারসি ভাষায় দক্ষ এই শিক্ষাবিদের বহু গবেষণা প্রবন্ধ দেশি-বিদেশি স্বনামধন্য জার্নালে প্রকাশিত হয়েছে। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ “Arabic-Persian Words and Islamic Elements in the Poetry of Farrukh Ahmad: An Evaluation” গবেষক মহলে সমাদৃত।

এছাড়া তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)সহ বিভিন্ন শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন।

নবনিযুক্ত উপাচার্যের যোগদানের মধ্য দিয়ে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।