উত্তম শর্মা, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলাকে আরও সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব জনপদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ‘সবুজ ও পরিচ্ছন্ন বীরগঞ্জ’ কর্মসূচি।
পরিবেশ সংরক্ষণ, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্নতা সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্য নিয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে শুরু হওয়া এ কর্মসূচি ইতোমধ্যে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।
বুধবার (১০ জুন) সকাল ১১টায় উপজেলা প্রশাসনিক ক্যাম্পাস থেকে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। বীরগঞ্জ উপজেলা প্রশাসন, বাংলাদেশ স্কাউটস বীরগঞ্জ এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের যৌথ সহযোগিতায় আয়োজিত এ উদ্যোগের মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ কর্মসূচি এবং পরিবেশ সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়ন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রশাসনিক ক্যাম্পাসে উপস্থিত বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, স্কাউট সদস্য, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন। তিনি বলেন, পরিবেশ রক্ষা এবং টেকসই উন্নয়নের জন্য পরিচ্ছন্নতা ও সবুজায়নের কোনো বিকল্প নেই। একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর সমাজ গঠনে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; এর সঙ্গে সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণও জরুরি। তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখার আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস বলেন, পরিবেশ সচেতনতা গড়ে তুলতে পরিবার থেকেই উদ্যোগ নিতে হবে। শিশু ও তরুণ প্রজন্মকে পরিবেশবান্ধব জীবনযাপনে উৎসাহিত করতে হবে, যাতে তারা ভবিষ্যতে একটি সুন্দর ও টেকসই সমাজ নির্মাণে ভূমিকা রাখতে পারে।
বীরগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর জাহাঙ্গির বাদশা রনি বলেন, পরিচ্ছন্ন পরিবেশ শুধু সৌন্দর্যই বৃদ্ধি করে না, এটি জনস্বাস্থ্য রক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিবেশ দূষণ রোধে এবং জনসচেতনতা বৃদ্ধিতে সকলের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. শাহিদা হক বলেন, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণের মূল্যবোধ গড়ে তুলতে বিদ্যালয় পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করা হবে। শিক্ষার্থীরা যদি পরিবেশবান্ধব আচরণে অভ্যস্ত হয়, তাহলে একটি পরিচ্ছন্ন ও সবুজ সমাজ গঠন অনেক সহজ হবে।
আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশ রক্ষা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সাধারণ জনগণের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই নিজ নিজ দায়িত্ব থেকে কাজ করলে বীরগঞ্জকে একটি আদর্শ ও বাসযোগ্য উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।
আয়োজকরা জানান, ‘সবুজ ও পরিচ্ছন্ন বীরগঞ্জ’ কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি, পরিচ্ছন্নতা অভিযান, প্লাস্টিক ও পলিথিন বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সচেতনতামূলক প্রচারণা, শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সচেতনতা কার্যক্রম এবং স্বেচ্ছাসেবী উদ্যোগ বাস্তবায়ন করা হবে।
তারা আরও জানান, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে এ কর্মসূচিকে দীর্ঘমেয়াদি সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় বীরগঞ্জকে একটি “মডেল সবুজ ও পরিচ্ছন্ন উপজেলা” হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করা হবে।

