Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১১ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, আটক ১

নোয়াখালী প্রতিনিধি
জুন ১১, ২০২৬ ১০:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগ উপজেলায় মাদকের ব্যবসার বিরোধকে কেন্দ্র করে আরাফাত হোসেন ফাহিম (১৬) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১০ জুন) রাত ৮টার দিকে উপজেলার নবীপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দেবিসিংহপুর গ্রামের হাজেরা দিঘী সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আরাফাত হোসেন ফাহিম বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হাজীপুর এলাকার মো. শাহজাহানের ছেলে। তিনি স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, দেবিসিংহপুর গ্রামের হাজেরা দিঘীর পেছনে দীর্ঘদিন ধরে একটি মাদকচক্র সক্রিয় ছিল। কয়েকদিন আগে স্থানীয় কয়েকজন তরুণ এক মাদকসেবীকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে মাদক ব্যবসার সঙ্গে কয়েকজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। এরপর এলাকাবাসী মাদক বিক্রি ও সেবনের বিরুদ্ধে অবস্থান নেয় এবং সংশ্লিষ্ট এলাকায় পাহারা বসায়। এতে কয়েকদিন ধরে মাদকের আড্ডা বন্ধ ছিল।

প্রত্যক্ষদর্শীদের দাবি, এর জের ধরে বুধবার রাতে আলী হায়দার ফাহিম (১৮), রিফাত (২০), সাকিবসহ কয়েকজন তরুণের ওপর হামলা চালানো হয়। হামলায় আলী হায়দার ফাহিম বুকে ছুরিকাঘাতে, রিফাত হাতের রগ কেটে যাওয়ায় এবং সাকিব ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন।

এদিকে নিহত আরাফাত হোসেন ফাহিম সেদিন সন্ধ্যায় তার নানার বাড়িতে বেড়াতে এসে পরে খালার বাড়িতে যাওয়ার পথে হাজেরা দিঘী এলাকায় হামলার শিকার হন। স্থানীয়দের অভিযোগ, হারুন, জাহাঙ্গীর, আবুল খায়ের, মমিনসহ ৭-৮ জন তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। অতিরিক্ত রক্তক্ষরণে তিনি ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম সরকার বলেন, “মাদক সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনার সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় জড়িত সন্দেহে হারুন (৩৫) নামে একজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি রক্তাক্ত ছোরা উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।