শাহীন আহমেদ, ভেদরগঞ্জ (শরীয়তপুর) উপজেলা প্রতিনিধি
শরীয়তপুরের সখিপুর থানাধীন চরকুমারিয়া ইউনিয়নের মোল্লা বাজারের পূর্ব পাশে কালীর মোড় এলাকায় অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মো. শাহাদাত সরদার (৩০)। তিনি সখিপুর উপজেলার ডিএম খালী (কালাই সরদার কান্দি) এলাকার মঙ্গল সরদারের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ জুন) সন্ধ্যায় চরকুমারিয়া ইউনিয়নের মোল্লা বাজারের পূর্ব পাশে কালীর মোড় এলাকার পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করা হয়। এ সময় শাহাদাত সরদারের কাছ থেকে সাদা পলিথিনে মোড়ানো ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ হাজার টাকা।
এ ঘটনায় সখিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার এফআইআর নং-১৬, তারিখ ১২ জুন ২০২৬ এবং জিআর নং-১৮৯। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় রুজু করা হয়েছে।
সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ আহমেদ বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। মাদক ব্যবসায়ী ও মাদক কারবারিদের বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে পুলিশ কঠোরভাবে কাজ করছে এবং এ ধরনের অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।”
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

