মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুর উপজেলায় ১০০ গ্রাম গাঁজাসহ তরিকুল ইসলাম (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে নেহালপুর পুলিশ ক্যাম্প।
শুক্রবার (১২ জুন) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নেহালপুর ইউনিয়নের পাঁচাকড়ি ভিলেজ সুপার মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক তরিকুল ইসলাম পাঁচাকড়ি গ্রামের আজিজুর ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, নেহালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ অলোক বিশ্বাসের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে। এ সময় তরিকুল ইসলামের দেহ তল্লাশি করে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি উদ্ধারকৃত মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করার কথা স্বীকার করেন বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয়রা জানান, তরিকুল ইসলাম দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে এলাকায় অভিযোগ রয়েছে।
এ বিষয়ে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।

