নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জে এক প্রবাসী পরিবারের ওপর হামলা, ভাঙচুর, হয়রানি ও অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হলে পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে। ঘটনার পর থেকে সন্ত্রাসী হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটি।
শনিবার (১৩ জুন) সকালে অস্ট্রেলিয়া প্রবাসী প্রকৌশলী রাজিউল হাসান এ অভিযোগ করেন। ভুক্তভোগী পরিবারের দাবি, গত ১ জুন উপজেলার আমানউল্যাহপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কোয়ারিয়া গ্রামের কোয়ারিয়া হাজী বাড়িতে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন প্রবাসী পরিবারের সদস্যরা তাদের পুকুরপাড়ে মাটি ফেলে সংস্কারের কাজ শুরু করলে শহীদ আলম ও কামরুল ইসলামের নেতৃত্বে কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। পরে তারা বাড়িতে গিয়ে ভাঙচুর করে এবং প্রবাসী রাজিউল হাসানের বাবা এ.কে.এম. নুর উদ্দিন কাশেমকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে লাঞ্ছিত করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ সময় পরিবারের নারী সদস্যদের সঙ্গে অশোভন আচরণ ও গালিগালাজ করা হয় এবং প্রবাসীর বাবাকে হত্যার হুমকি ও মিথ্যা মামলায় হয়রানির ভয় দেখানো হয় বলেও দাবি ভুক্তভোগীদের। এছাড়া টানা তিন দিন বাড়ির সামনে অবস্থান নিয়ে অস্ত্রের মহড়া দিয়ে পুরো পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগও করা হয়েছে।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, প্রবাসী রাজিউল হাসান গত ২১ মে দেশে আসেন। তার আরেক ভাইও বিদেশে অবস্থান করছেন। দীর্ঘদিন ধরে পরিবারের কেউ স্থায়ীভাবে গ্রামে না থাকায় স্থানীয় একটি পক্ষ বিএনপি’র পরিচয় ব্যবহার করে ভূমি বিরোধকে কেন্দ্র করে তাদের ওপর সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে।
তবে অভিযোগ অস্বীকার করে কামরুল হাসান বলেন, তারা তাদের জমি রক্ষায় বাধা দিয়েছেন। উল্টো প্রবাসী পরিবার তাদের জায়গা দখলের চেষ্টা করছে বলে দাবি করেন তিনি। বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে এবং রায় তাদের পক্ষে এসেছে বলেও জানান তিনি।
বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম বলেন, পারিবারিক ও ভূমি বিরোধকে কেন্দ্র করে গালিগালাজ ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

