কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের কচুয়ায় অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন, অননুমোদিত চিকিৎসা চর্চা এবং মহাসড়কে বালু ফেলে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে তিনটি মামলায় ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে তিনটি অবৈধ ড্রেজার মেশিন ও প্রায় ৩০০ মিটার পাইপ ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু নাছির এ অভিযান পরিচালনা করেন। এ সময় ইউনিয়ন ভূমি কর্মকর্তা ও কচুয়া থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কাদলা ইউনিয়নের দোঘর এলাকায় অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পালাখাল মডেল ইউনিয়নের মেঘদাইর গ্রামে অননুমোদিত চিকিৎসা চর্চার দায়ে দুই গ্রাম্য চিকিৎসককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া কচুয়া-সাচার মহাসড়কে বালু ফেলে যাত্রীদের দুর্ভোগ সৃষ্টির দায়ে এক ব্যক্তিকে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
একই দিন পালাখাল মডেল ইউনিয়নের মেঘদাইর ও বক্সগঞ্জ গ্রামে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে ড্রেজার দিয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যান। পরে ঘটনাস্থলে থাকা তিনটি ড্রেজার সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া হয় এবং প্রায় ৩০০ মিটার সঞ্চালন পাইপ ধ্বংস করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু নাছির বলেন, “ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি কাটা পরিবেশ, কৃষিজমি ও জনস্বার্থের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। এ ধরনের অবৈধ কর্মকাণ্ড রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।”

