মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জামালপুরের মেলান্দহ থানা পুলিশ চুরি, ছিনতাই ও মাদক প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করেছে।
শনিবার (১৩ জুন) সন্ধ্যায় মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবায়দুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে থানার পুলিশ সদস্যদের সমন্বয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা, বাজার, সড়ক ও জনসমাগমস্থলে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, চুরি, ছিনতাই, মাদক ব্যবসা ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের সময় গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল জোরদার করা হয় এবং সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, পুলিশের এমন সক্রিয় উপস্থিতি সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে। বিশেষ করে সন্ধ্যা ও রাতের সময় নিয়মিত টহল ও অভিযান অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
মেলান্দহ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক, চুরি, ছিনতাইসহ যেকোনো ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে। অপরাধমুক্ত সমাজ গঠনে নিয়মিত অভিযান, টহল ও গোয়েন্দা নজরদারি চলমান থাকবে।
এ ধরনের কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা। তারা মনে করেন, পুলিশের আন্তরিকতা ও জনগণের সহযোগিতার মাধ্যমে মেলান্দহ উপজেলাকে আরও নিরাপদ ও অপরাধমুক্ত করা সম্ভব।
মেলান্দহ থানা পুলিশের পক্ষ থেকে সবাইকে আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে এবং যেকোনো অপরাধমূলক তথ্য দ্রুত পুলিশকে জানানোর অনুরোধ করা হয়েছে।

