ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সময় সাবেক পৌর মেয়র মোস্তাফিজুর রহমান বিজুকে আটক করে পুলিশ। পরে তাকে পুলিশের কাছ থেকে ‘ছিনিয়ে নেওয়া হয়েছে’ বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে কালীগঞ্জ পৌরসভার আড়পাড়া এলাকায় তার নিজ বাসভবনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপনে একটি কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেখানে নেতাকর্মীরা জড়ো হলে পুলিশ অভিযান চালিয়ে সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজুকে আটক করে।
কালীগঞ্জ থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তবে পুলিশ তাকে নিয়ে যাওয়ার সময় পরিবারের সদস্য ও নেতাকর্মীরা বাধা দেয় এবং একপর্যায়ে তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লাল হোসেন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছিল। পরে পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে।”
তিনি আরও জানান, ওই সময় ঘটনাস্থলে নারী পুলিশ না থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সীমাবদ্ধতা ছিল।

