দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়া কর অঞ্চল কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় চাকরি প্রার্থীর পরিবর্তে প্রক্সি দিতে গিয়ে চারজন আটক হয়েছেন। মঙ্গলবার বিকেলে অফিস সহায়ক পদে নিয়োগের মৌখিক পরীক্ষার সময় তাদের আটক করা হয়।
জানা যায়, মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া কয়েকজনের গতিবিধি সন্দেহজনক মনে হলে নিয়োগকারী কর্তৃপক্ষ তাদের জিজ্ঞাসাবাদ করে। পরে কাগজপত্র ও পরিচয় যাচাইয়ের সময় প্রবেশপত্রের ছবিতে জালিয়াতি এবং অন্য প্রার্থীর হয়ে পরীক্ষা দেওয়ার প্রমাণ পাওয়া যায়। একপর্যায়ে জিজ্ঞাসাবাদে তারা প্রক্সি দেওয়ার বিষয়টি স্বীকার করেন।
এরপর মধ্যরাতে আটক চারজনকে কুষ্টিয়া মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোটা অঙ্কের টাকার বিনিময়ে চাকরি প্রার্থীর পরিবর্তে অন্য ব্যক্তিকে পরীক্ষায় অংশগ্রহণ করিয়ে দেওয়ার জন্য একটি সংঘবদ্ধ চক্র কাজ করছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত চলছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি চক্রের অন্যান্য সদস্যদেরও আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, “নিয়োগকারী কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।”

