গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে পবিত্র আশুরা উপলক্ষে মাতম করার সময় অসুস্থ হয়ে বাবু শেখ (৫৫) নামে এক কাসেদের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পূর্ব উজানচর হাবিল মন্ডলপাড়া ইমাম বাড়ির কাছে এ ঘটনা ঘটে।
নিহত বাবু শেখ উপজেলার দৌলতদিয়া ক্যানাল ঘাট এলাকার ওমর আলী মোল্লাপাড়ার বাসিন্দা হামেদ শেখের ছেলে। তিনি মানিকগঞ্জের গড়পাড়া দরবার শরীফের অনুসারী এবং পূর্ব উজানচর হাবিল মন্ডলপাড়া ইমাম বাড়ির কাসেদ দলের সদস্য ছিলেন।
স্থানীয় ইউপি সদস্য ও ইমাম বাড়ির অন্যতম সদস্য রাসেল মাহমুদ জানান, আশুরার মাতম করতে করতে ইমাম বাড়িতে প্রবেশের আগে বাবু শেখ হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। গত ১০ দিন ধরে কারবালার শোক পালনের অংশ হিসেবে তিনি অনিয়মিত ঘুম, খাওয়া-দাওয়া ও প্রচণ্ড গরমে বিভিন্ন স্থানে কাসেদ দলের সঙ্গে অংশ নেওয়ায় শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন।
ইমাম বাড়ি ও থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ জুন মহররমের প্রথম দিন থেকে তিনি ১ নম্বর মোক্তারের কাসেদ দলের সদস্য হিসেবে শোকানুষ্ঠানে অংশ নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে মাতম করছিলেন। শুক্রবার পবিত্র আশুরার দিনে মাতম শেষে ইমাম বাড়ির কাছে পৌঁছালে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে সঙ্গীরা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের ধারণা, প্রচণ্ড গরম ও শারীরিক অবসাদের কারণে তিনি হিটস্ট্রোকে আক্রান্ত হন।
গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, ঘটনাটি স্বাভাবিক মৃত্যু বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ কারণে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে এবং পারিবারিকভাবে দাফনের প্রস্তুতি চলছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার বাদ মাগরিব গোয়ালন্দ বাজার শহীদ মহিউদ্দিন আনছার ক্লাব মাঠে জানাজা শেষে নিজ এলাকার কবরস্থানে বাবু শেখকে দাফন করা হবে।

