জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের ক্ষেতলালে মৃত গরু জবাইয়ের ঘটনায় চারজনকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জবাই করা গরুর মাংস মাটিতে পুঁতে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার বড়তারা ইউনিয়নের পাঠানপাড়া সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাঁশথুপী গ্রামের রবিউলের একটি গরু মারা যাওয়ার পর সেটি জবাই করা হয়। পরে ওই গরুর মাংস বিক্রি কিংবা খাওয়ার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে বড়তারা গ্রামের গরু ব্যবসায়ী এনতাজুলের বিরুদ্ধে।
বিষয়টি ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলমের নজরে এলে তিনি উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) অবহিত করেন। পরে সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে গিয়ে এ ঘটনায় জড়িত চারজনকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি জবাই করা গরুর মাংস মাটিতে পুঁতে ফেলার নির্দেশ দেন।

