আহমেদ সিফাত, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের দ্বাড়িয়াকান্দি পূর্ব পাড়া (খলিফা হাটি) গ্রামে ৭ বছরের এক কন্যাসন্তানকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২৭ জুন) বিকেলে এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই অভিযুক্ত বখাটে যুবক আসিফ (১৬) পলাতক রয়েছে। আসিফ ওই গ্রামের কামাল মিয়ার ছেলে এবং পেশায় একজন ব্যাটারিচালিত অটোরিকশা চালক।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৪টার দিকে শিশুটিকে বাড়ির পার্শ্ববর্তী একটি বাগানে কৌশলে নিয়ে যায় অটোচালক আসিফ। সেখানে সে শিশুটির শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং শ্লীলতাহানির চেষ্টা করে। পরবর্তীতে সেখান থেকে সরিয়ে নিয়ে একই এলাকার চান্দু মিয়ার ঘরের পাশে নিয়ে শিশুটিকে বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টা চালায় সে।
এ সময় দূর থেকে এক নারী বিষয়টি দেখতে পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তিনি শিশুটিকে উদ্ধার করেন এবং ঘটনাস্থল থেকেই আসিফকে হাতেনাতে ধরে ফেলেন। আটক হওয়ার পর আসিফ প্রথমে ওই নারীর হাত-পা ধরে ক্ষমা চাওয়ার কৌশল অবলম্বন করে। পরে একপর্যায়ে জোরাজুরি করে ওই নারীর হাত থেকে ফসকে দৌড়ে পালিয়ে যায়।
খোঁজ নিয়ে জানা গেছে, ভুক্তভোগী শিশুটির পিতা-মাতা দুজনেই পোশাক কারখানার (গার্মেন্টস) শ্রমিক। বাবা-মা কর্মস্থলে থাকায় শিশুটি তার নানার বাড়িতে থেকে পড়াশোনা করছিল।
এ বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দীন জানান, ঘটনার খবর পেয়েই তিনি দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ভিকটিম শিশুটির জবানবন্দি নেওয়া হয়েছে। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং অভিযুক্ত বখাটেকে গ্রেফতারে পুলিশের অভিযান চলমান রয়েছে।

