Nabadhara
ঢাকাশনিবার , ২৭ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোডশেডিং ও অস্বাভাবিক বিদ্যুৎ বিলে অতিষ্ঠ কচুয়াবাসী

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
জুন ২৭, ২০২৬ ৮:২৩ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের কচুয়া উপজেলায় ঘনঘন লোডশেডিং এবং অস্বাভাবিক বিদ্যুৎ বিলের কারণে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। তীব্র গরমে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। একই সঙ্গে বিদ্যুৎ বিল বেড়ে যাওয়ায় গ্রাহকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে।

স্থানীয়দের অভিযোগ, দিনের বিভিন্ন সময়ে দীর্ঘ সময় বিদ্যুৎ থাকে না। অনেক ক্ষেত্রে টানা এক থেকে দুই ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে। সামান্য বৈরী আবহাওয়া দেখা দিলেও বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। এতে শিক্ষা, চিকিৎসা ও ব্যবসা-বাণিজ্য ব্যাহত হচ্ছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শিশু, বয়স্ক ও অসুস্থ রোগীরা। এছাড়া ঘনঘন বিদ্যুৎ বিভ্রাটে ইলেকট্রনিক যন্ত্রপাতি নষ্ট হওয়ার অভিযোগও রয়েছে।

গ্রাহকদের অভিযোগ, গত বছরের তুলনায় চলতি সময়ে বিদ্যুৎ বিল অনেক বেড়েছে। অনেকের বিল দ্বিগুণ, আবার কারও কারও তিন গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি গ্রামাঞ্চলে বৈদ্যুতিক লাইনের ওপর গাছের ডালপালা ঝুঁকে থাকায় দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হয়েছে।

স্থানীয়দের দাবি, কচুয়ার গুরুত্বপূর্ণ শিল্পপ্রতিষ্ঠান ও অর্থনৈতিক কার্যক্রম সচল রাখতে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে অস্বাভাবিক বিদ্যুৎ বিলের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

এ বিষয়ে কচুয়া পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম রাগিব আল হাসান বলেন, “বাগেরহাটের অন্যান্য উপজেলার তুলনায় কচুয়ায় বিদ্যুৎ সরবরাহ তুলনামূলক ভালো। বর্তমানে আমাদের চাহিদা ৯ মেগাওয়াট, কিন্তু সরবরাহ পাচ্ছি মাত্র ৫ মেগাওয়াট। এরপরও সরকারি স্থাপনা ও জরুরি সেবার বিষয়টি বিবেচনায় রেখে সর্বোচ্চ চেষ্টা করছি।”

তিনি আরও বলেন, “আগে গোপালগঞ্জ-বাগেরহাট এলাকা ভিআইপি হওয়ায় এখানে লোডশেডিং ছিল না। বর্তমানে সারা দেশেই বিদ্যুতের ঘাটতি রয়েছে, তাই সমন্বয়ের মাধ্যমে সরবরাহ দেওয়া হচ্ছে।”

তবে স্থানীয় সচেতন মহল বিদ্যুৎ বিভাগের এ ব্যাখ্যায় সন্তুষ্ট নয়। তাদের মতে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। বর্তমান সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।