ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাট পৌর সদরের উপ-স্বাস্থ্যকেন্দ্রটি দীর্ঘদিন ধরে চিকিৎসকশূন্য থাকায় প্রায় ৩০ হাজার মানুষ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, কেন্দ্রটিতে কোনো এমবিবিএস চিকিৎসক নেই। একজন মাত্র ফার্মাসিস্ট দিয়ে সীমিত পরিসরে স্বাস্থ্যসেবা চালানো হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত উপ-স্বাস্থ্যকেন্দ্রটি বর্তমানে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। কেন্দ্রটির চারপাশে ময়লা-আবর্জনা জমে থাকায় এটি প্রায় ভাগাড়ে পরিণত হয়েছে। ভবনের ভেতরে কুকুর-বিড়ালের অবাধ বিচরণ দেখা যায়। স্থানীয়দের অভিযোগ, রাতের বেলায় কেন্দ্রটির আশপাশে মাদকসেবীদের আনাগোনাও রয়েছে।
তাদের দাবি, একটি উপ-স্বাস্থ্যকেন্দ্রে অন্তত একজন এমবিবিএস চিকিৎসক থাকার কথা থাকলেও দীর্ঘদিন ধরে কোনো চিকিৎসক কর্মরত নেই। ফলে প্রাথমিক চিকিৎসার বাইরে রোগীরা কোনো ধরনের বিশেষায়িত সেবা বা প্রয়োজনীয় ওষুধ পাচ্ছেন না।
স্থানীয় বাসিন্দারা জানান, বিগত কয়েক বছরে বিভিন্ন জনপ্রতিনিধি স্বাস্থ্যকেন্দ্রটি সংস্কারের আশ্বাস দিলেও বাস্তবে কোনো উন্নয়ন হয়নি। ফলে সামান্য অসুস্থতাতেও রোগীদের ৪ থেকে ৫ কিলোমিটার দূরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হচ্ছে। এতে সময় ও অতিরিক্ত যাতায়াত ব্যয়ের কারণে দরিদ্র রোগীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন।
এলাকাবাসীর দাবি, জরাজীর্ণ ভবনটি সংস্কার অথবা সেখানে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণ করা হোক, যাতে স্থানীয় মানুষ সহজেই চিকিৎসাসেবা পেতে পারেন।

