সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলার পাঁচলিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ নারী ছিনতাইকারী চক্রের ১১ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় সলঙ্গা থানা পুলিশ পাঁচলিয়া বাজার এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা সবাই ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তারা হলেন— সুফিয়া খাতুন (৪০), খোদেনা আক্তার দিলারা (৩৫), হামিদা আক্তার মিনা (২৪), পারভীন (৩০), বৃষ্টি (২৫), রজিনা আক্তার সায়দা (৩০), বিউটি খাতুন (৩৫), শেফা আক্তার (২১), তামান্না (৩০), জুমা (২০) এবং সুবিনা আক্তার লাকী (২০)।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচলিয়া বাজার এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়। এ সময় চক্রের সদস্যরা পালানোর চেষ্টা করলে নারী পুলিশের সহায়তায় তাদের গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন যে, তারা বিভিন্ন এলাকায় স্বল্প সময়ের জন্য বাসা ভাড়া নিয়ে সংঘবদ্ধভাবে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন।
এ ঘটনায় মামলা দায়েরের পর মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

