ঝিনাইদহ প্রতিনিধি
মিশরের বিপক্ষে আর্জেন্টিনার নাটকীয় জয়ের আনন্দঘন মুহূর্তেই ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় রসুল উদ্দীন (বয়স অজ্ঞাত) নামে এক আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে পৌরসভার বালিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। তিনি পেশায় ভ্যানচালক এবং আর্জেন্টিনা ও লিওনেল মেসির একনিষ্ঠ সমর্থক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ম্যাচের শুরুতে মিশর ২-০ গোলে এগিয়ে গেলে হতাশ হয়ে রসুল উদ্দীন বাড়িতে চলে যান। পরে আর্জেন্টিনা দুই গোল শোধ করে সমতায় ফিরলে তিনি আবার খেলাস্থলে এসে অন্য সমর্থকদের সঙ্গে উচ্ছ্বাসে যোগ দেন। আনন্দ প্রকাশের সময় তিনি জর্দা দিয়ে পরপর তিনটি পান খান। কিছুক্ষণ পর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে উপস্থিত লোকজন তাকে দ্রুত শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা রফিক জানান, খেলার উত্তেজনা ও উচ্ছ্বাসের মধ্যেই ঘটনাটি ঘটে। অসুস্থ হওয়ার পরপরই তাকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক জানান, তিনি আর বেঁচে নেই।
নিহতের পরিবারের সদস্যরা জানান, রসুল উদ্দীন দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে স্থানীয়দের ধারণা, অতিরিক্ত উত্তেজনা ও পূর্বের হৃদরোগজনিত সমস্যার কারণেই তার মৃত্যু হয়ে থাকতে পারে।

