আর. কে. বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটা থানা পুলিশের অভিযানে চুরির মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে খুলনা জেলার কয়রা উপজেলা থেকে চোরাই ইজিবাইকের বিভিন্ন যন্ত্রাংশও উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিমের নির্দেশনায় এসআই (নিরস্ত্র) সঞ্জয় পাল সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ২টার দিকে পারুলিয়া বাজারের বাবুর চায়ের দোকানের সামনে অভিযান চালান। এ সময় দেবহাটা থানার একটি চুরির মামলার আসামি মাসুদ রানা (২৭), পিতা- বাবুল গাজী এবং রাসেলুজ্জামান (২৮), পিতা- আজিজুর রহমান, উভয়কে সাতক্ষীরা সদর উপজেলার গোদাঘাটা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
পরে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে একই দিন রাতে খুলনার কয়রা উপজেলার কুসুডাঙ্গা ও ভান্ডারখোলা এলাকায় অভিযান চালিয়ে চোরাই ইজিবাইকের ব্যাটারি, কন্ট্রোলার, মোটরসহ বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করে পুলিশ।
দেবহাটা থানার ওসি আব্দুল আলিম বলেন, দেবহাটা থানার একটি চুরির মামলার তদন্তের সূত্র ধরে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী চোরাই ইজিবাইকের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, বুধবার (৮ জুলাই) গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

