দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়া জেনারেল হাসপাতালে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক ব্যক্তির বিচ্ছিন্ন ডান পা খুঁজে না পাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্বজনদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
নিহত হাসেম আলী (৬০) কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার আব্দালপুর গ্রামের বাসিন্দা। তিনি কৃষিকাজ করতেন।
স্বজনদের অভিযোগ, বুধবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে আব্দালপুরের শাহপুর নতুন মসজিদ মোড় এলাকায় একটি ইজিবাইক ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন হাসেম আলী। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকের পরামর্শে অপারেশন থিয়েটারে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পরিবারের সদস্যদের দাবি, মৃত্যুর পর অপারেশন থিয়েটারে তার বিচ্ছিন্ন ডান পা খুঁজে পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজির পরও পায়ের অংশটি না পাওয়ায় তারা ডান পায়ের অংশ ছাড়াই মরদেহ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন।
আব্দুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দার স্বপন বলেন, “হাসেম আমার প্রতিবেশী ও চাচাতো ভাই। হাসপাতালের সংশ্লিষ্টদের গাফিলতির কারণেই এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে। বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।”
এ বিষয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হাসান বলেন, “আমি রাতে জেনেছি, হাসপাতালে ভর্তি করার সময় স্টাফরা বিচ্ছিন্ন পায়ের অংশটি স্বজনদের কাছে বুঝিয়ে দিয়েছিলেন বলে শুনেছি। এরপর কী হয়েছে, তা জানা নেই। লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, এ বিষয়ে থানায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

