দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে প্রায় ২১ লাখ টাকার ভারতীয় মাদক, মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানের সময় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে চল্লিশপাড়া, রামকৃষ্ণপুর, আশ্রায়ন, প্রাগপুর ও শেওড়াতলা বিওপির টহল দল পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ১৯ বোতল ভারতীয় মদ, ৮ কেজি ৮০০ গ্রাম ভারতীয় গাঁজা, ৪ হাজার ৩৫০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ৩ হাজার ৯০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ৪০৫ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, উদ্ধার হওয়া মাদক ও চোরাচালানি পণ্যের মোট সিজার মূল্য ২১ লাখ ৬ হাজার ৫৭৫ টাকা।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি ভবিষ্যতেও কঠোর অবস্থানে থেকে দায়িত্ব পালন করবে।

