খুলনা প্রতিনিধি
খুলনা জেলা কারাগার-২ থেকে দেয়াল টপকে পালিয়ে গেছেন ইমন মাঝি নামে এক বন্দি। বৃহস্পতিবার (৯ জুলাই) কারাগারের পূর্ব পাশের দেয়াল ডিঙিয়ে তিনি পালিয়ে যান। এ ঘটনায় কারা প্রশাসনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পলাতক বন্দিকে আটক করতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান শুরু করেছে।
বিষয়টি নিশ্চিত করে খুলনা জেলা কারাগারের জেল সুপার আবু ছায়েম বলেন, “একজন বন্দি কারাগার থেকে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।”
কারা কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে, পলাতক বন্দি মো. ইমন মাঝি খুলনা মহানগরের লবণচরা থানার সাচিবুনিয়া সেকেলার বটতলা এলাকার জিয়ার বাড়ির ভাড়াটিয়া আবদুল মাঝির ছেলে। তিনি কারাগারের মহিলা ওয়ার্ড-সংলগ্ন একটি বাথরুমের ছাদে উঠে সেখান থেকে পূর্ব পাশের দেয়াল টপকে পালিয়ে যান বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আরও জানা যায়, সোনাডাঙ্গা থানায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তারের পর গত ১৩ জুন থেকে তিনি খুলনা জেলা কারাগারে বন্দি ছিলেন।
ঘটনার পরপরই কারা কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী পলাতক বন্দিকে গ্রেপ্তারে বিভিন্ন এলাকায় তল্লাশি ও অভিযান শুরু করেছে। পাশাপাশি কীভাবে তিনি কারাগারের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পালাতে সক্ষম হলেন, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।

