ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জিহাদ (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন। শুক্রবার (১০ জুলাই) রাতে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব কুট্টাপাড়া ব্র্যাক অফিসসংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কের একটি ব্রিজের পাশে এ ঘটনা ঘটে।
নিহত জিহাদ পূর্ব কুট্টাপাড়া গ্রামের আজগর আলীর ছেলে। তিনি স্থানীয় একটি গ্যারেজে মোটর মেকানিক হিসেবে কাজ করতেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে বাবার কাছ থেকে মাছ নিয়ে বাড়িতে পৌঁছে দেন জিহাদ। পরে সন্ধ্যায় বাবাকে বাড়িতে নিয়ে আসার উদ্দেশ্যে আবার বের হলেও গভীর রাত পর্যন্ত তিনি আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে ব্র্যাক অফিসের পূর্ব পাশে সড়কসংলগ্ন এলাকায় তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
পরে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় জিহাদকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে।
নিহতের বাবা আজগর আলী অভিযোগ করেন, দুর্বৃত্তরা মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে অথবা পূর্বপরিকল্পিতভাবে তার ছেলেকে হত্যা করেছে। ঘটনাস্থলে জিহাদের ব্যবহৃত মোবাইল ফোনটি পাওয়া যায়নি। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এটি ছিনতাইয়ের ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড, তদন্ত শেষ হওয়ার আগে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

