আর.কে.বাপ্পা,দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে জব্দ করা জাল আগুন দিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়। একই সঙ্গে এক দোকানদারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহার নেতৃত্বে এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দামের উপস্থিতিতে পারুলিয়া বাজারের বিভিন্ন জাল ও মৎস্য খাদ্য বিক্রির দোকানে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানকালে পারুলিয়া বাজারের একটি জালের দোকান থেকে প্রায় ৬ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জাল আগুন দিয়ে ধ্বংস করা হয় এবং সংশ্লিষ্ট দোকানদারকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় মৎস্য খাদ্য বিক্রেতাদেরও বিভিন্ন বিষয়ে সতর্ক করা হয়। উপজেলা প্রশাসন জানিয়েছে, মৎস্যসম্পদ রক্ষা এবং নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

