শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
বাগেরহাটের চিতলমারী বাজারসহ আশপাশের এলাকায় প্রায় এক সপ্তাহ ধরে একটি শান্ত স্বভাবের পথভোলা হনুমান ঘুরে বেড়াচ্ছে। প্রাণীটিকে দেখতে উৎসুক মানুষের ভিড় জমছে। কেউ খাবার দিলেও কেউ কেউ এটিকে উত্ত্যক্ত করছে। ফলে হনুমানটি কোথাও স্থির থাকতে পারছে না।
সরেজমিনে দেখা যায়, হনুমানটি কখনো বাড়ির ছাদে, কখনো গাছের ডালে, আবার কখনো মাটিতে নেমে ঘুরে বেড়াচ্ছে। স্থানীয় শিশুরা আনন্দ নিয়ে প্রাণীটিকে দেখছে। অনেকে দূর থেকে কলা ও বিস্কুট খেতে দিচ্ছেন। তবে কয়েকজন দুষ্টু শিশু ঢিল ছুড়ে বিরক্তও করছে। কীভাবে বা কোথা থেকে হনুমানটি এলাকায় এসেছে, তা নিশ্চিত করে কেউ বলতে পারেননি।
স্থানীয় শিশু সারিবা বলে, “আমি হনুমানকে কলা ও বিস্কুট দিয়েছিলাম। সে কলা খেয়েছে। আমি খুব আনন্দ পেয়েছি।”
লেখক, সাংবাদিক ও প্রাণিপ্রেমী পঙ্কজ মণ্ডল বলেন, “খাদ্যের সন্ধানে বা অন্যান্য কারণে হনুমান মাঝে-মধ্যে পথ ভুলে লোকালয়ে চলে আসে। কেউ বিরক্ত না করলে তারা একসময় নিজেরাই নিরাপদ স্থানে ফিরে যায়। তাই এ বন্যপ্রাণীটিকে কেউ যেন উত্ত্যক্ত না করেন।”
চিতলমারী উপজেলা বন বিভাগের কর্মরত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, “দলছুট হয়ে বা খাবারের সন্ধানে পথভোলা হনুমান লোকালয়ে চলে আসতে পারে। এটি একটি বন্যপ্রাণী। তাই সবাইকে অনুরোধ করব, প্রাণীটিকে বিরক্ত না করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন।”

