তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার তালা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা জুড়ে জলাবদ্ধতা নিরসন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, নেট-পাটা অপসারণ, অবৈধ মৎস্যঘেরের বেড়িবাঁধ অপসারণ এবং অবৈধ দখলদার উচ্ছেদের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজা স্বর্ণার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান, তালা থানা পুলিশের তদন্ত কর্মকর্তা সাখাওয়াত হোসেন, পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম, সাংবাদিক জাহিদুর রহমান, এম এ ফয়সাল, জুলফিকার রায়হান ও আকবর হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন খেশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম লাল্টু, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, তালা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন।
সভা পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরশাফ হোসেন।
সভায় বক্তারা বলেন, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসন এবং দুর্যোগ মোকাবিলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের বিকল্প নেই। এ লক্ষ্যে ড্রেনেজ ব্যবস্থা সচল রাখা, নেট-পাটা অপসারণ, অবৈধ মৎস্যঘেরের বেড়িবাঁধ নির্মাণ বন্ধ এবং সরকারি খাল-নদী ও জলাশয়ের অবৈধ দখল উচ্ছেদে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

