Nabadhara
ঢাকাবুধবার , ১৫ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শ্যামনগরে উপকূল পুনরুদ্ধারে ১০ লাখ দেশীয় বৃক্ষের বীজ রোপণ কর্মসূচির ঘোষণা

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
জুলাই ১৫, ২০২৬ ৫:৩১ অপরাহ্ণ
Link Copied!

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

“আজকের একটি বীজ, আগামী দিনের সবুজ উপকূল”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে উপকূলীয় পরিবেশ পুনরুদ্ধারে ‘১ মিলিয়ন সিডস প্ল্যান্টেশন ফর কোস্টাল রেস্টোরেশন’ (১০ লাখ বীজ রোপণ উদ্যোগ) কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।

বুধবার (১৫ জুলাই) উপজেলার আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী অ্যাসোসিয়েশন, শ্যামনগর গ্রীণ কোয়ালিশন ও বারসিক যৌথভাবে এ কর্মসূচির ঘোষণা দেয়।

শ্যামনগর পৌরসভা গ্রীণ কোয়ালিশনের সভাপতি ও নকীপুর পাইলট বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পানখালী এগ্রোইকোলজি লার্নিং সেন্টারের তত্ত্বাবধায়ক কনিকা রানী।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় অঞ্চল সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততার বিস্তার, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন ও জীববৈচিত্র্যের ক্ষয়সহ নানা সংকটের মুখোমুখি। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় প্রকৃতি-ভিত্তিক সমাধানের অংশ হিসেবে এবং সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে ১০ লাখ দেশীয় বৃক্ষের বীজ সংগ্রহ ও রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, কর্মসূচির আওতায় দেশীয় ফলজ ও বনজ গাছের বীজ সংগ্রহ, সংরক্ষণ এবং উপযুক্ত স্থানে রোপণের মাধ্যমে পরিবেশ পুনরুদ্ধারে সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করা হবে। ইতোমধ্যে প্রায় ৪ লাখ বীজ সংগ্রহ করা হয়েছে। বাকি বীজ সংগ্রহে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রচারাভিযান চালানো হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাবলা, পেপুল, আম, জাম, কাঁঠাল, নিম, তেঁতুল, তাল, খেজুর, কুল, চটকা, আশফল, বট, কাঠবাদাম, অর্জুনসহ বিভিন্ন দেশীয় প্রজাতির বীজ সংগ্রহ করে যে কেউ এ উদ্যোগে দান করতে পারবেন। স্বেচ্ছাসেবকেরা এসব বীজ সংগ্রহ করবেন এবং অবদান রাখা ব্যক্তিদের নাম নথিভুক্ত করে সমাপনী অনুষ্ঠানে স্বীকৃতি দেওয়া হবে।

এ সময় পরিবেশবন্ধু ও বৃক্ষপ্রেমিক রবীন্দ্রনাথ মণ্ডল উপকূলীয় অঞ্চলের নারী, শিক্ষার্থী, তরুণ, কৃষক, জেলে, বনজীবী, আদিবাসী জনগোষ্ঠী, বিশেষভাবে সক্ষম ব্যক্তি, সামাজিক ও পরিবেশবাদী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় সরকার, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং গণমাধ্যমকর্মীদের এই উদ্যোগে অংশ নেওয়ার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে সাতক্ষীরা জেলা গ্রীণ কোয়ালিশনের উপদেষ্টা ও প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যানার্জী, যুগ্ম সাধারণ সম্পাদক ও ডিবিসি নিউজের সাতক্ষীরা প্রতিনিধি এম. বেলাল হোসাইন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল মনির, প্রেসক্লাব সদস্য এস এম মিজানুর রহমান, আনিসুর রহমান সুমনসহ বিভিন্ন সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা বলেন, এটি শুধু বৃক্ষরোপণ কর্মসূচি নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, সহনশীল ও জীববৈচিত্র্যসমৃদ্ধ উপকূল গড়ে তোলার সামাজিক আন্দোলন। সকলের সম্মিলিত অংশগ্রহণে এ উদ্যোগ উপকূলীয় পরিবেশ পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।