কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
প্রধানমন্ত্রীর দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরের কচুয়া উপজেলার ১৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার উপজেলার কোয়াকোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি মো. খায়রুল আবেদীন স্বপন। একই দিনে উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
কোয়াকোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা শিক্ষা সমন্বয়ক অধ্যাপক আবদুল ওয়াদুদ মজুমদার, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা নাছরিন আক্তার, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, উপজেলা বিএনপি নেতা ডা. মকবুল হোসেন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তারা শিক্ষার্থীদের অন্তত একটি করে গাছ রোপণ ও তার নিয়মিত পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টি এবং সবুজায়ন কর্মসূচিকে আরও বেগবান করতেই উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

