আর.কে.বাপ্পা,দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, বজ্রপাতজনিত প্রাণহানি কমানো এবং উপকূলীয় অঞ্চল সুরক্ষার লক্ষ্যে সাতক্ষীরার দেবহাটায় নদীর বেড়িবাঁধে তাল ও খেজুর গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার চরশ্রীপুর-ভাতশালা নতুন বেড়িবাঁধ এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমাদের টিম—একটি মানবিক পরিবার’ এ কর্মসূচির আয়োজন করে। এবারের কর্মসূচির প্রতিপাদ্য ছিল, “উপকূলে তাল-খেজুরের বনায়ন, বজ্রপাত ও জলোচ্ছ্বাস করবে নিয়ন্ত্রণ।”
সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মনিরুল ইসলামের নেতৃত্বে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা।
উদ্বোধনী বক্তব্যে ইউএনও মিলন সাহা বলেন, উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতে এবং বজ্রপাতের ক্ষয়ক্ষতি হ্রাসে তাল ও খেজুর গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি এ ধরনের পরিবেশবান্ধব উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহমেদ তাহমীর সিদ্দিকী এবং দেবহাটা সদর ইউনিয়নের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মাধবী রাণী।
এছাড়া টাউনশ্রীপুর বিজিবি ক্যাম্পের প্রতিনিধিরা, সংগঠনের উপদেষ্টা আবু সাইদ ও জাহাঙ্গীর আলম, স্থানীয় সুধীজন এবং সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবীরা কর্মসূচিতে অংশ নেন।
আয়োজকরা জানান, উপকূলীয় এলাকায় পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতে ভবিষ্যতেও এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে।

