আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা সুন্দরবন টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ মাঠে ১৫ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৫টায় শ্বেতপুর অনির্বাণ যুব সংঘের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য আলহাজ কাজী আলাউদ্দীন।
অনির্বাণ যুব সংঘের সভাপতি আজমল হুদা ছট্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স. ম. হেদায়েতুল ইসলাম এবং উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা তুহিন উল্লাহ তুহিন, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ আব্দুর রব, আব্দুল হামিদ, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি জামাল উদ্দীন, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ আব্দুল কুদ্দুছসহ অনির্বাণ যুব সংঘের কর্মকর্তা ও সদস্যরা।
আয়োজকরা জানান, ১৫ থেকে ৩০ জুলাই পর্যন্ত চলা এ মেলায় চারটি স্টলে ফলজ, বনজ ও ঔষধি গাছের বিভিন্ন চারা বিক্রি করা হবে। প্রতিদিন বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত মেলা চলবে। বৃক্ষচারা বিক্রির পাশাপাশি প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। এতে কৌতুকশিল্পী ও আমন্ত্রিত সংগীতশিল্পীরা পরিবেশনা করবেন।

