কয়রা (খুলনা) প্রতিনিধি
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, উপকূলীয় পরিবেশ সংরক্ষণ এবং বেড়িবাঁধ সুরক্ষার লক্ষ্যে খুলনার কয়রা উপজেলার কয়রা-উত্তর বেদকাশী প্রধান সড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী এ কর্মসূচিতে জেলা বিএনপির সদস্য এম এ হাসান নিজ অর্থায়নে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।
এ সময় এম এ হাসান বলেন, উপকূলীয় অঞ্চল কয়রাকে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে রক্ষা, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং বেড়িবাঁধ সুরক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। এ লক্ষ্যেই ধারাবাহিকভাবে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও খালের পাড়ে বৃক্ষরোপণ করা হবে।
তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে আমরা তৃণমূল পর্যায়ে কাজ করে যাচ্ছি। পরিবেশ রক্ষায় সবাইকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানাই।”
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপি নেতা শেখ সালাউদ্দিন লিটন, যুবদল নেতা আকবর হোসেন, আছাদুল ইসলাম, আনারুল ইসলাম ডাবলু, আম্মার হোসেন রাজু, ছাত্রদল নেতা আশিকুর রহমান, জাকির হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য, গত বছরের ধারাবাহিকতায় এ বছরও কয়রা উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে, যা পর্যায়ক্রমে উপজেলার সব ইউনিয়নে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

