কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের কচুয়ায় বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন সম্প্রসারণ এবং বৃক্ষরোপণ কর্মসূচিকে উৎসাহিত করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হয়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী হাসান।
উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার ৯৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৮টি মাধ্যমিক বিদ্যালয়, ১০টি মাদ্রাসা এবং ৩টি কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে এসব চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ইউএনও মো. আলী হাসান বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু চারা রোপণ করলেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে সবুজায়নের মাধ্যমে শিক্ষার্থীদের পরিবেশ সচেতন করে তোলা সম্ভব হবে।”
তিনি আরও বলেন, পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের জাতীয় কর্মসূচি বাস্তবায়নে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা আকাশ বৈরাগী, উপজেলা শিক্ষা কর্মকর্তা মির্জা মিজানুর আলম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মেহেদী মান্নাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানকে সবুজায়ন প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি প্রতিষ্ঠানে মানসম্মত গাছের চারা বিতরণ করা হবে। প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

