ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় জুলাই শহীদ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভাকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। অনুষ্ঠানে আওয়ামী লীগ-সমর্থিত কয়েকজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের উপস্থিতির অভিযোগ তুলে কয়েকজন জুলাই যোদ্ধা ও নিহত পরিবারের সদস্য সভা বর্জন করেছেন বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুর রহমানের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জুলাই যোদ্ধা রিহান হোসেন দাবি করেন, অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাব্দার হোসেন মোল্লাসহ কয়েকজনকে উপস্থিত দেখতে পেয়ে তারা প্রতিবাদস্বরূপ সভা থেকে বেরিয়ে আসেন। তার ভাষ্য, জুলাই শহীদ দিবসের অনুষ্ঠানে আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতি আয়োজনের উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, সিনিয়র সহ-সভাপতি খলিলুর রহমান, রাকিবুল ইসলাম খান দীপু, জুলাই গেজেটভুক্ত যোদ্ধা রাহাত হোসেন, রাশেদ আহমেদ নবাব, লিমন হোসেন, সজীব, নাহিদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রাকিবুল ইসলাম খান দীপু বলেন, আলোচনা সভায় আওয়ামী লীগ-সংশ্লিষ্ট কয়েকজন নেতার উপস্থিতির কারণে কয়েকজন জুলাই যোদ্ধা সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে সভা ত্যাগ করেন।
তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুর রহমান বলেন, সংশ্লিষ্ট চেয়ারম্যানদের কাউকে প্রশাসনের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়নি। তারা কীভাবে অনুষ্ঠানে এসেছেন, তা তার জানা নেই। পরে তারা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। তিনি আরও বলেন, জুলাই যোদ্ধারা সভা সম্পূর্ণ বর্জন করেছেন—এ দাবি সঠিক নয়। তারা বক্তব্য দিয়েছেন এবং অনুষ্ঠানেও অংশ নিয়েছেন।

