নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুরের কাশিমপুর পার্ট-৩ (মহিলা) কারাগার থেকে এক নারী বন্দী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে কারাগারজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে কোনাবাড়ী মেট্রোপলিটন থানায় মামলা করেছে কারা কর্তৃপক্ষ।
জানা গেছে, গত বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় বন্দী মোছা. রিম্পা (২১) নিখোঁজ হন। তবে শুক্রবার (১৭ জুলাই) বিকেলে বিষয়টি প্রকাশ্যে আসে। রিম্পা মেহেরপুর জেলার গাংনী উপজেলার রায়পুর এলাকার মো. হাসানের মেয়ে। তিনি ঢাকার ধানমন্ডি থানার ভ্রাম্যমাণ আদালতের দেওয়া তিন মাসের সাজাপ্রাপ্ত বন্দী হিসেবে কাশিমপুর পার্ট-৩ (মহিলা) কারাগারে আটক ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইফতেখার হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার পর থেকে ওই নারী বন্দীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শুক্রবার বিকেলে কারা কর্তৃপক্ষ এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করেছে।
এ বিষয়ে বক্তব্য জানতে কাশিমপুর পার্ট-৩ (মহিলা) কারাগারের দায়িত্বশীল কর্মকর্তাদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি।
নিখোঁজ বন্দীকে উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী ও কারা কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানা গেছে।

