নরসিংদী প্রতিনিধি
দুই মাস বয়সী এক শিশুকে নির্মম নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ফারজানা আক্তার (লতা)কে গ্রেপ্তার করেছে র্যাব-১১। শুক্রবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১১, সিপিএসসি, নরসিংদীর পক্ষ থেকে জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে দুই মাস বয়সী শিশুর ওপর নির্যাতনের ভিডিও ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। পারিবারিক বিরোধের জেরে শিশুটির পায়ে গুরুতর আঘাত করার অভিযোগে মাধবদী থানায় মামলা দায়ের করা হলে আসামিকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়।
র্যাব জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তা, ছায়া তদন্ত ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণের মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে, মামলার প্রধান আসামি ফারজানা আক্তার (লতা) আত্মগোপনে রয়েছেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১-এর একটি আভিযানিক দল নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
র্যাব-১১ জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে। বাহিনীটি আরও জানায়, নারী ও শিশু নির্যাতনের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে র্যাব ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে এবং অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে বদ্ধপরিকর।
র্যাব-১১, সিপিএসসি, নরসিংদীর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

