Nabadhara
ঢাকাশনিবার , ২৫ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু করেছে সরকার: নান্দাইলে ইয়াসের খান চৌধুরী

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
জুলাই ২৫, ২০২৬ ৯:২৯ অপরাহ্ণ
Link Copied!

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং ময়মনসিংহের নান্দাইল আসনের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী বলেছেন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে সরকার ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু করেছে। প্রকৃত উপকারভোগীদের কাছে সরকারি সুবিধা পৌঁছে দিতে সারাদেশে পরিবারভিত্তিক তথ্য তালিকা প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (২৫ জুলাই) নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের বাঁশহাটি উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে ইয়াসের খান চৌধুরী বলেন, নির্বাচনের সময় জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। এর অংশ হিসেবে প্রতিটি পরিবারের তথ্যভিত্তিক তালিকা প্রস্তুত করা হচ্ছে, যাতে প্রকৃত সুবিধাভোগীরা সরকারি সহায়তা ও সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির আওতায় আসতে পারেন।

তিনি বলেন, “ফ্যামিলি কার্ড কার্যক্রমের মাধ্যমে কোনো প্রকৃত ব্যক্তি যেন বঞ্চিত না হন এবং কোনো অযোগ্য ব্যক্তি যেন সরকারি সুবিধা নিতে না পারেন, সে বিষয়টি নিশ্চিত করা হবে।”

প্রতিমন্ত্রী আরও বলেন, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিত করা এবং জনগণের প্রত্যাশা পূরণে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের আস্থা অর্জনের মাধ্যমে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি।

ইয়াসের খান চৌধুরী বলেন, “তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষ প্রতীকে আপনারা আমাকে সংসদে নির্বাচিত করেছেন। এজন্য নান্দাইলবাসীর প্রতি আমি কৃতজ্ঞ। নান্দাইলের উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছি। এসব কাজে কোনো অনিয়ম বা দুর্নীতি যাতে না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার। এছাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদিরসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্মেলনে বক্তারা দলকে আরও সুসংগঠিত করা, জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ বৃদ্ধি এবং সরকারের উন্নয়ন কার্যক্রম তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।