কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের কচুয়া পৌরসভার রক্ষণাবেক্ষণের অভাবে খোলা আকাশের নিচে পড়ে থেকে রোদ-বৃষ্টি আর অবহেলায় নষ্ট হচ্ছে কোটি টাকার সরকারি যানবাহন। দীর্ঘদিন ধরে অযত্নে পড়ে থাকায় অনেক যানবাহনের যন্ত্রাংশ নষ্ট ও চুরি হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন নাগরিকরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত কয়েক বছরে পৌরসভার অব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের অভাবে ময়লা-আবর্জনা পরিবহনের একটি ট্রাক সম্পূর্ণ অচল হয়ে পড়েছে। আরেকটি ট্রাক মেরামতের অভাবে দীর্ঘদিন ধরে ব্যবহারহীন অবস্থায় রয়েছে। এছাড়া প্রায় ৩০ লাখ টাকা মূল্যের তিনটি রোলারের মধ্যে মাত্র একটি সচল রয়েছে, বাকি দুটি অকেজো হয়ে পড়ে আছে। প্রায় ৮০ লাখ টাকা মূল্যের একটি পুরোনো জিপ গাড়িও দীর্ঘদিন ধরে অচল অবস্থায় রয়েছে। একইভাবে সরকার প্রদত্ত আরেকটি কালো রঙের দামি গাড়িও মেরামতের অভাবে ব্যবহার করা যাচ্ছে না। সব মিলিয়ে প্রায় দুই কোটি টাকার সরকারি যানবাহন রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে বলে দাবি স্থানীয়দের।
সরেজমিনে দেখা যায়, পৌরসভা কার্যালয়ের ভেতরে খোলা আকাশের নিচে দুটি রোলার ও একটি ট্রাক পড়ে রয়েছে। এছাড়া একটি পুরোনো জিপ, একটি বড় ট্রাক, একটি রোলার এবং মেয়রের ব্যবহারের একটি গাড়ি গ্যারেজে রাখা হলেও যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে সেগুলোও ধুলোবালিতে নষ্ট হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, কয়েক বছর ধরে অধিকাংশ যানবাহন একই স্থানে পড়ে আছে। শুধুমাত্র মেয়রের ব্যবহারের একটি গাড়ি এবং একটি রোলার মাঝে মাঝে ব্যবহার হতে দেখা গেলেও অন্য গাড়িগুলো পৌরসভার কোনো কাজে ব্যবহার করা হয় না। ফলে সরকারি সম্পদের অপচয় হচ্ছে।
এ বিষয়ে কচুয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোজাম্মেল হক বলেন, “আমি সম্প্রতি এই পৌরসভায় যোগদান করেছি। গাড়িগুলোর বিষয়ে বিস্তারিত তথ্য আমার জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে পরে বলতে পারব।”

