ফেনী প্রতিনিধি
ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও একটি মোটরসাইকেল জব্দ করেছে বিজিবি।
শনিবার (৮ আগস্ট) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয় বলে জানিয়েছে ফেনী ব্যাটালিয়ন-৪ বিজিবি।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, চকলেট, প্রসাধনী ক্রিম, পাউডার, অরেঞ্জ ট্যাংসহ বিভিন্ন ধরনের পণ্য। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
ফেনী ব্যাটালিয়ন-৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, পুশইন প্রতিরোধ, সীমান্ত হত্যা শূন্যের কোটায় রাখা, মাদক ও অবৈধ পণ্য পাচার এবং চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ফেনী বিজিবির অভিযান ও তৎপরতা অব্যাহত রয়েছে।
বিজিবি জানিয়েছে, জব্দ করা পণ্য ও মোটরসাইকেলের বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

