ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় এলাকাবাসী। অপরিকল্পিত ও অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীভাঙন, ফসলি জমি ও বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা।
শনিবার (৮ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে আশুগঞ্জ উপজেলার সোহাগপুর চকবাজার সংলগ্ন জামিয়া ইসলামিয়া দারুলউলুম মাদ্রাসা মাঠে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৫০০ থেকে ৬০০ জন মানুষ অংশ নেন। হাজী মোহাম্মদ মুসা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহিরুল ইসলাম জারু মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, আলকাস মিয়া, মহিউদ্দিন খান শ্যামল, হাজী মোহাম্মদ হেলাল শিকদার, শামসুল আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে মেঘনা নদীর বিভিন্ন এলাকায় ড্রেজার বসিয়ে একটি মহল অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এতে নদীর স্বাভাবিক গতিপথ ও তলদেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি নদীতীরবর্তী জনবসতি, ফসলি জমি, রাস্তাঘাট ও বিভিন্ন স্থাপনা ভাঙনের ঝুঁকিতে পড়েছে।
তারা বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীতীরবর্তী মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। দ্রুত এ কার্যক্রম বন্ধ করা না হলে নদীভাঙনে বহু পরিবার বসতভিটা ও ফসলি জমি হারাতে পারে। পাশাপাশি স্থানীয় পরিবেশ ও অর্থনীতিতেও এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
সমাবেশ থেকে অবিলম্বে মেঘনা নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধের দাবি জানানো হয়। একই সঙ্গে বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান বক্তারা।
এ সময় স্থানীয় প্রশাসনের প্রতি জরুরি ভিত্তিতে অভিযান পরিচালনা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার অপসারণ এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

